শিক্ষার মানোন্নয়নের পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। শিক্ষায় বড় অর্জন ও সাফল্য রয়েছে। সেগুলো ধরে রেখে সামনে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।’ সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যৌথ আয়োজনে আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
দীপু মনি বলেন, ‘গবেষণায় বরাদ্দ বাড়ানো হচ্ছে। আমরা পাঠ্যক্রমের মানও বাড়াচ্ছি। গত ১০ বছরে শিক্ষায় অনেক অর্জন আছে। এখন বৈশ্বিক লক্ষ্যমাত্রা লক্ষ রেখে সামনে এগিয়ে যাওয়াই আমাদের কাজ।’ মন্ত্রণালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘এটি কেবল একটি চাকরি নয়, মানুষ গড়ার কাজ। তাই সবার দায়িত্ব ও কর্তব্য স্মরণে রাখতে হবে।’ শিক্ষা খাতের বরাদ্দ নিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু এই খাতে জিডিপির ৪ শতাংশ বরাদ্দের কথা বলেছেন। আমরা ২ শতাংশের মতো অর্থ ব্যয় করি। সরকারের অন্য মন্ত্রণালয়েও অনেক শিক্ষামূলক কার্যক্রম ও প্রশিক্ষণ কার্যক্রম আছে। সেগুলো হিসাবে ধরলে এ বরাদ্দ একেবারে কম নয়।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, আগামীর অর্থনীতিতে যে ধরনের মানবসম্পদ প্রয়োজন, শিক্ষার সেই খাতে বিনিয়োগ বাড়াতে হবে।
