দুদকের কর্মচারী পরিচয়ে চাঁদা নিতে গিয়ে ধরা

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০৩:৫৭ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মচারী পরিচয়ে চাঁদা নেওয়ার সময় রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মুন্না ওরফে রফিক (২৪)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুদকের গোয়ন্দা ইউনিটের পরিচালক মীর মো. জয়নুল আবেদীনের নেতৃত্বে উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা ও তার দল তাকে গ্রেপ্তার করে।

পরিচালক জয়নুল আবেদীন জানান, গুলজার আলী নামে এক ব্যক্তি নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত। গত ১০ জানুয়ারি দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রণব ভট্টাচার্যের পিএ পরিচয় দিয়ে গুলজারকে ফোন করেন রফিক। তার কাছে অনেক তথ্য, অডিও-ভিডিও থাকার দাবি জানিয়ে তাকে দেখা করতে বলেন। পরবর্তী সময়ে রফিক ২ লাখ টাকা ঘুষও দাবি করেন গুলজারের কাছে। এরপর রফিক প্রতিদিন গুলজারকে ফোন করে ভয়ভীতি দেখান। বিষয়টি জানতে পেরে উপপরিচালক আখতার হামিদ ভূঞা, মাহবুবুর রহমান, সহকারী পরিচালক জাহিদ কালাম ও  মুহাম্মদ জয়নাল আবেদীনকে দায়িত্ব দেয় দুদক। তারা রফিককে গ্রেপ্তার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত