ইংল্যান্ডকে ভয়ংকর লজ্জা দিল ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১১:৩২ এএম

ব্রিজটাউন টেস্টে ইংল্যান্ডকে মাত্র ৭৭ রানে শেষ করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ! এটি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চতুর্থ সর্বনিম্ন স্কোর ইংরেজদের। দুর্দান্ত বোলিং করেছেন কেমার রোচ। মাত্র ১৭ রানে নিয়েছেন পাঁচ উইকেট।

বার্বাডোজে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পুরনো ক্যারিবিয়ান পেস বোলিংকে মনে করালেন রোচরা। দুটি করে উইকেট নিয়েছেন জেসন হোল্ডার ও আলজাররি জোসেফ। একটি গ্র্যাবিয়েলের। চতুর্মূখী পেস আক্রমণে মাত্র ৩০ ওভারেই শেষ হয়ে যায় ইংল্যান্ড ইনিংস।

তবে ২১২ রানে এগিয়ে থেকেও ইংল্যান্ডকে ফলো-অন করায়নি ওয়েস্ট ইন্ডিজ৷ প্রথম ইনিংসে ২৮৯ রান তুলেছিল দলটি।

রোচের গতি ও বাউন্স সামলাতে পারলেন না ইংরেজ ব্যাটসম্যানরা। ক্যারিবিয়ান পেস ব্যাটারির সামনে মাত্র ৪৯ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকে স্যাম কারেন (১৪) ও আদিল রশিদের (১২) লড়াই করলেও ইংল্যান্ড একশোর গণ্ডি টপকাতে পারেনি।

এর আগে তিনবার এর চেয়ে কম রানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অলআউট হয়েছে ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ইংল্যান্ডের সর্বনিন্ম স্কোর ৫১, ২০০৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই স্কোর করেছিল তারা।

টেস্টে ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর ৪৫। ১৮৮৭ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রানে গুটিয়ে গিয়েছিল তারা।

ম্যাচের দ্বিতীয় দিনে উইকেটের আচরণ ছিল ভয়ংকর। বাইশ গজে দাপট দেখান বোলাররা। সারাদিনে পড়েছে মোট ১৮ উইকেট। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১২৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ২১২ রানে এগিয়ে থাকায় ইতিমধ্যে ৩৩৯ রানের লিড পেয়েছে ক্যারিবিয়ানরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত