চলতি বছর কলকাতার সিনেমায় অন্যতম চমক হতে যাচ্ছে ‘সাঁঝবাতি’। এর মাধ্যমে প্রথমবার জুটি হতে যাচ্ছেন ভিন্ন ঘরানার সিনেমার দুই তারকা দেব ও পাওলি দাম।
তারা ক্যারিয়ারে এক দশকের ঘরে পৌঁছালেও এর আগে পর্দা ভাগাভাগি করেননি। তাদের সঙ্গে আছেন অর্পিতা চট্টোপাধ্যায়। বিশেষ একটি চরিত্র করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বর্ষীয়ান এ অভিনেতার সঙ্গে দেবও এবার প্রথম।
পরিচালনা করছেন ‘মাটি’-খ্যাত লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। প্রযোজনায় আছেন অতনু রায় চৌধুরী।
ছবির গল্পটাই দেব ও পাওলিকে নির্বাচন করেছে বলে জানান পরিচালক জুটি।
‘সাঁঝবাতি’ বেছে নিলেন কেন? লীনা বলেন, “দেখুন, কখনো কখনো কোনো কোনো গল্প মনকে নাড়া দিয়ে যায়। এ গল্পটাও সেরকমই। তাই পছন্দ হলো।” দেব প্রসঙ্গে বলেন, “দেব এ ছবির জন্য ন্যাচারাল ফিট। প্রযোজক অতনু বাবুও একমত হলেন এ বিষয়ে।”
লীনা ও শৈবাল পরিচালিত প্রথম ছবিটি প্রশংসিত হলেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। এবার কী হবে বলে ভাবছেন? “আমরা জানতাম ‘মাটি’র ক্ষেত্রে কী হবে। যদিও কোনো ছবির ভবিষ্যৎ বলা খুব শক্ত, তা-ও মনে হয় এ ছবিতে যে মালমসলা আছে, তাতে এ ছবি বক্স অফিসেও হিট হবে।” উত্তর দিলেন লীনা।
সবকিছু পরিকল্পনা মতো চললে জুনে ‘সাঁঝবাতি’র শুটিং শুরু হবে।
