কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন তার স্বজনরা।
নানা রোগে আক্রান্ত হলেও কারাগারে তার যথাযথ চিকিৎসা হচ্ছে না উল্লেখ করে খালেদার স্বজনরা জানান, ‘ক্রমেই দুর্বল হয়ে পড়ছেন তিনি। তবে তার মনোবল অটুট রয়েছে’।
শুক্রবার বিকেল তিনটা ২০মিনিটে তারা কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান। বিকেল সাড়ে ৪টায় তারা বেরিয়ে আসেন।
কারাগারে খালেদা জিয়াকে কেমন দেখলেন, জানতে চাইলে তারা দেশ রূপান্তরকে বলেন, ‘দোতলা থেকে নিচতলায় সিঁড়ি ভেঙে তিনি নামতে পারেন না। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তিনি’।
এ সময় তারা অভিযোগ করে বলেন- ‘একদিকে জামিন না দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হচ্ছে অন্যদিকে সপ্তাহে একদিন সাক্ষাতের বিধান থাকলেও তা মানছে না কারা কর্তৃপক্ষ’।
কারাগারে খালেদা জিয়ার সঙ্গে যারা সাক্ষাৎ করতে গিয়েছিলেন তারা হলেন- খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, অনিক ইস্কান্দার, বোন সেলিমা ইসলাম ও ভাগনে ডাক্তার মামুন।
