চট্টগ্রামে প্রথমবারের মতো নিওনেটালোজি (নবজাতকদের চিকিৎসা ও যতœ সংক্রান্ত বিদ্যা) বিষয়ক দুই দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রবিবার। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) চট্টগ্রাম শাখা।
লিখিত বক্তব্যে বিপিএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নাসিরউদ্দিন মাহমুদ বলেন, ‘চট্টগ্রামে প্রথমবারের মতো রিজিওনাল কনফারেন্স অন নিওনেটালোজি অ্যান্ড ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। সম্মেলনে ভারতের দিল্লি, চ-ীগড়, হায়দরাবাদ এবং বাংলাদেশের চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি মূল্যবান নিবন্ধ উপস্থাপন করবেন। নবজাতক চিকিৎসার নতুন নতুন শাখা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সবাই জানতে পারবেন।’ রবিবার সকালে দিনব্যাপী সেমিনারের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হবে চট্টগ্রাম ক্লাবে। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে শিশুমৃত্যু হার কমাতে অনন্য ভূমিকার জন্য অধ্যাপক ডা. নাজমুন নাহারকে আজীবন সম্মাননা দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং উদ্বোধনী বক্তা থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল খান। দুদিনের সম্মেলনে মোট ২০টি নিবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মশালা অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির সম্পাদক ডা. চৌধুরী চিরঞ্জীব বড়–য়া বলেন, নবজাতকদের সমস্যা ও সংকট উত্তরণের আধুনিক উপায় নিয়ে আলোচনা হবে সম্মেলনে। এবারের আঞ্চলিক সম্মেলনে বৃহত্তর চট্টগ্রামের ১১টি মেডিকেল কলেজের চিকিৎসকরা অংশ নেবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপিএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. ঝুলন দাশ শর্মা, ডা. আবুল কালাম, ডা. সুশান্ত বড়ুয়া ও ডা. মারুফুল কাদের।
