স্বজনদের অভিযোগ

কারাগারে চিকিৎসা হচ্ছে না খালেদার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০৪:৩০ এএম

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ শেষে দেশ রূপান্তরের কাছে এ অভিযোগ করেন তারা। সাবেক প্রধানমন্ত্রী ক্রমেই দুর্বল হয়ে পড়লেও তার মনোবল অটুট রয়েছে বলে তারা জানান।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বেলা ৩টা ২০ মিনিটে কারাগারে প্রবেশ করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক এস্কান্দার, অনিক এস্কান্দার, বোন সেলিমা ইসলাম ও ভাগ্নে চিকিৎসক মামুন।

বিকেল সাড়ে ৪টায় তারা কারাগার থেকে বেরিয়ে আসেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে চাইলে তারা বলেন, ভালো নেই খালেদা জিয়া। নানা রোগে আক্রান্ত হলেও তার যথাযথ চিকিৎসা হচ্ছে না। দোতলা থেকে নিচতলায় সিঁড়ি ভেঙে তিনি নামতে পারেন না। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তিনি। তারা বলেন, একদিকে জামিন না দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হচ্ছে, অন্যদিকে সপ্তাহে এক দিন সাক্ষাতের বিধান থাকলেও তা মানছে না কারা কর্র্তৃপক্ষ। খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে বিএনপির মিছিল: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এলিফ্যান্ট রোডে মিছিল করেন তারা।

দলটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর বাটা সিগন্যাল থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি গিয়ে শেষ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা তাদের নেত্রীর মুক্তির দাবিতে বিভিন্ন সেøাগান দেন।

এতে আরও জানানো হয়, ওই মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোহানুর রহমান সোহান ও সুমনসহ আরও অনেকে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত