স্কুলে বেলুন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০৪:৪৬ এএম

রাজধানীর মিরপুরে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। তার নাম সিদ্দিক মিয়া (৬০)। এ ঘটনায় ওই স্কুলের নবম শ্রেণির দুই ছাত্রী আহত হয়েছে। তাদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

image

দারুস সালাম থানার এসআই আব্বাসউদ্দীন দেশ রূপান্তরকে বলেন, মিরপুর-১ নম্বরে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেলুন ফোলানো হচ্ছিল। সকাল ৮টার দিকে বেলুন ব্যবসায়ী সিদ্দিক মিয়া বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় সিদ্দিক গুরুতর আহত হন। উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সিদ্দিকের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে। তার গ্রামের বাড়ি বিক্রমপুরের নাসিরনগর। তিনি পরিবার নিয়ে মিরপুর ১ নম্বরের উত্তর বিশিল এলাকায় থাকতেন।

তিনি আরও বলেন, আহত ঐশী ও জান্নাতুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার পর স্কুলটির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি স্থগিত করেছে স্কুল কর্র্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত