নড়াইলে গ্যাসের চুলার আগুনে ১০ জন দগ্ধ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০৪:৫১ এএম

নড়াইল সদরের হবখালী ইউনিয়নের সাধুখালী গ্রামে গ্যাসের চুলার আগুনে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছে। এর মধ্যে এক পরিবারের তিন এবং সাতজন প্রতিবেশী রয়েছে। দগ্ধদের মধ্যে তিনজন গুরুতর। তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার ও চুলার সঙ্গে সংযোগকারী প্লাস্টিকের পাইপে গ্যাস নির্গত হয়ে অগ্নিকা- ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আহতরা হলেন বাড়ির মালিক সবুর ফকির (৪৫), তার মেয়ে মুন্নি আক্তার (১৬), ছেলে সিফাত (১০)। তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এছাড়া প্রতিবেশী ব্যবসায়ী খন্দকার ইমরান (৪২), লিপি বেগম (৩০), মোহাম্মদ আলী (৪০), চায়না বেগম (৩৫), হুমায়ুন কবির (৪৫), মোরাদ মোল্যা (২৫) ও মিরন আলী (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘দগ্ধদের শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ পুড়ে গেছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

বাড়ির মালিক দগ্ধ সবুর ফকির বলেন, ‘গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার হতে চুলার সঙ্গে সংযোগকারী প্লাস্টিকের পাইপে কোথাও ছিদ্র ছিল। এ সময় আগুন নেভানোর জন্য ঘরে থাকা বস্তা দিয়ে চাপা দেওয়া হয়। কিছুক্ষণ পর আগুন নিভে গেছে ভেবে বস্তা সরালে সেখানে প্রচ- শব্দে আগুন জ্বলে ওঠে এবং ঘরে ছড়িয়ে পড়ে।’

প্রতিবেশী খন্দকার মিরন আলী বলেন, ‘হবখালী বাজার সংলগ্ন ইলেকট্রিক মিস্ত্রি সবুর ফকির নিজের বাড়িতে একটি গ্যাসের নতুন সিলিন্ডার ও চুলা কিনে আনেন। দুপুর ১২টার দিকে ওই চুলায় আগুন জ্বালাতে গেলেই এ দুর্ঘটনা ঘটে।’

হবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম চঞ্চল বলেন, ‘নতুন গ্যাসের চুলার পাইপ ছিদ্র থাকায় চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বলে আগুনে দগ্ধ ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। খবর পাওয়ার পর ওই বাড়িতে গিয়ে আহতদের নড়াইল দমকল বাহিনীর সদস্যদের সহযোগিতায় নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।’

নড়াইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আহাদুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাৎক্ষণিকভাবে ঘর থেকে গ্যাসের সিলিন্ডারটি বাইরে নিয়ে আসা হয়। এ সময় আগুনে দগ্ধদের নড়াইল সদর হাসপাতালে আনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত