অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে শিরোপা জিতেছেন জাপানের নওমি ওসাকা। দারুণ প্রতিদ্বন্দ্বিতার ফাইনালে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে হারিয়েছেন ওসাকা। ফলে টানা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেলেন এই জাপানি।
শনিবার ফাইনালে ২১ বছর বয়সী ওসাকা ৭-৬ (৭-২), ৫-৭, ৬-৪ সেটে হারিয়েছেন কেভিতোভাকে। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে ওসাকা প্রথমবারের মতো উঠে গেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে।
শুধু গ্র্যান্ড স্লাম নয়, টেনিসের যে কোনো পর্যায়েই প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলেন ওসাকা ও কেভিতোভা। দারুণ খেলে ফাইনালে উঠেছিলেন দুজন। শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব ওসাকার।
ফাইনালের আগে সর্বশেষ ১১ ম্যাচে অপরাজিত ছিলেন কেভিতোভা। একটি সেটও না হেরে তিনি উঠেছিলেন ফাইনালে। ওসাকার জন্য ম্যাচটি তাই সহজ ছিল না মোটেও। শিরোপা পেতে তাকে দিতে হয়েছে স্নায়ুর পরীক্ষাও।
ওসাকা গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জিতে জাপানের প্রথম খেলোয়াড় হিসেবে গড়েছিলেন গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি। এবার অস্ট্রেলিয়ান ওপেনেও দেখালেন সাফল্য।
