বিপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার পর থেকেই কী যেন হলো চিটাগং ভাইকিংসের। শুক্রবার রংপুর রাইডার্স তাদের নিয়ে প্রায় ছেলেখেলাই করল। আগে ব্যাট করে গড়ে ২৩৯ রানের রেকর্ড স্কোর। জোড়া সেঞ্চুরির রেকর্ডও হয় সে ম্যাচে। চিটাগংকেও মেনে নিতে হয় হার। শনিবার রাজশাহী কিংসও মুশফিকুর রহিমের দলটিকে দাঁড় করিয়েছে কঠিন চ্যালেঞ্জের সামনে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী কিংস। আগের ম্যাচে সিলেটের কাছে হেরে বিপদে পড়ে যাওয়া দলটি ব্যাটিংয়ে নিজেদের কাজটা সেরে রাখল ভালোভাবে। এবার বোলারদের বাকি কাজ সাড়ার দায়।
টস হেরে আগে ব্যাট করতে নামা রাজশাহীর হয়ে প্রথমবারের মতো খেলতে নামে জনসন চার্লস। এই ক্যারিবিয়ানেই যেন ভাগ্য ফিরল রাজশাহীর। বাজে ফর্মের কারণে আগের ম্যাচে ডাগআউটে জায়গা হয়েছিল সৌম্য সরকারের। এ ম্যাচে আবারো একাদশে ফিরলেন। ওপেনিংয়ে নেমে জনসন চার্লসের সঙ্গে উপহার দিলেন ৫০ রানের উদ্বোধনী জুটি।
ষষ্ঠ ওভারের শেষ বলে সৌম্য ফিরলে ভাঙে সেই জুটি। খালেদ আহমেদের শিকার হওয়ার আগে ২০ বলে ৫ চারে ২৬ রান করেন সৌম্য। এবারের আসরে এটিই সৌম্যর সর্বোচ্চ রানের ইনিংস।
এরপর চার্লস এগিয়েছেন লরি ইভান্সকে নিয়ে। দুজন দ্বিতীয় উইকেটে যোগ করেন ৭০ রান। ইভান্সকে ফিরিয়ে সেই জুটিও ভেঙেছেন খালেদ। ২৯ বলে ৪ চারে ২৬ রান করেন ইভান্স।
চার্লস থেমেছেন ফিফটি তুলে নিয়ে। আবু জায়েদ রাহির শিকার হওয়ার আগে ৪৩ বলে খেলেছেন ৫৫ রানের ইনিংস। ৫ চারের সঙ্গে হাঁকিয়েছেন ২ ছক্কা।
শেষ দিকে রায়ান টেন ডেসকাট ও ক্রিস্তিয়ান জঙ্কার ঝড়ে রাজশাহীর স্কোর প্রায় দুই শ ছুঁয়েছে। ডেসকাট ১২ বলে ৪ ছক্কায় করেছেন ২৭ রান। শেষ বলে আউট হওয়া জঙ্কার ১৭ বলে ৩৭ রান করেছেন ১ চার ও ৩ ছক্কায়।
চিটাগংয়ের পক্ষে সর্বাধিক ২ উইকেট নেন খালেদ। ১টি করে উইকেট নেন আবু জায়েদ ও ক্যামেরন ডেলপোর্ট।
