শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজনে সীমান্ত সম্ভারে যাত্রা শুরু করল স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল তারকাদের ছড়াছড়ি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান, জয়া আহসান, চয়নিকা চৌধুরী, তৌকির আহমেদ, বিপাশা হায়াৎ, সাইমন সাদিক, রোশান, জাজ কর্ণধার আব্দুল আজিজ, নির্মাতা এনামুল করিম নির্ঝর, আবু সায়ীদ, আবু শাহেদ ইমন, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেলসহ শোবিজ জগতের তারকা, নির্মাতা, করপোরেট ব্যক্তিত্ব, সংবাদমাধ্যম কর্মী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি হিসেবে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
জয়া আহসান বললেন, `সিনেমা প্রযোজনা করতে গিয়ে সিনেমা হলের প্রযোজনীয়তা আরও বেশি করে অনুধাবন করেছি। আমার আশার আলো দেখালো নতুন এই সিনেপ্লেক্স।'
সীমান্ত সম্ভারের দশম তলায় নির্মিত এ সিনেপ্লেক্সে রয়েছে তিনটি হল। আন্তর্জাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত অ্যাটমস ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ একটি পূর্ণাঙ্গ মাল্টিপ্লেক্সের সব ধরনের সুবিধা থাকছে এখানে।

রাজধানীর ধানমন্ডি, জিগাতলাসহ এর আশে-পাশের এলাকার দর্শকদের সুবিধার কথা চিন্তা করে অনেক দিন থেকেই এখানে একটি সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চলছিল বলে জানান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এবার সেই পরিকল্পনার বাস্তবায়ন হলো। এর মধ্য দিয়ে নতুন মাইলফলক রচনা করলো স্টার সিনেপ্লেক্স। দেশের কোনো সিনেপ্লেক্সের এটিই প্রথম শাখা। যা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটি ইতিবাচক সংযোজন। যখন দেশের বিভিন্ন স্থানে অনেক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে তখন এ ধরনের নতুন নতুন মাল্টিপ্লেক্স চালু করার উদ্যোগ নিঃসন্দেহে বড় সুসংবাদ।

এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা রাজধানীর সীমান্ত সম্ভারে নতুন মাল্টিপ্লেক্স সিনেমা হল চালু করলাম। এর মধ্য দিয়ে দ্বিতীয় স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হলো। যা আমাদের পথচলায় নতুন মাত্রা যোগ করছে। দর্শকদের ভালোবাসা-ই আমাদেরকে এ যাত্রায় অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা শুরু থেকেই দেশের দর্শকদের সিনেমা দেখার নতুন পরিবেশ উপহার দিতে চেয়েছি। তারই ধারাবাহিকতায় এগিয়ে চলছে আমাদের এই প্রয়াস। দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে আমরা আরও অনেক দূর যেতে চাই।’
উল্লেখ্য, দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’। হলিউডের নতুন নতুন সব ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এখানে। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে সিনেমাপ্রেমীদের প্রিয় নাম হয়ে উঠেছে ‘স্টার সিনেপ্লেক্স’। ২০১৯ সালের মধ্যে ঢাকার উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরও ২০ টি হল নির্মাণ এবং পর্যায়ক্রমে দেশব্যাপী ১০০ টি হল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান মাহবুব রহমান রুহেল।
