দেশীয় চলচ্চিত্রের এই দুর্দিনে একের পর এক সুখবর বয়ে আনছে বাংলাদেশের অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। সম্প্রতি ছবিটি ভারতের ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে (বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে) পুরস্কার জিতেছে। চলচ্চিত্রটি শুধু এই উৎসবে পুরস্কারই পায়নি, উদ্বোধনী ছবি হিসেবেও দেখানো হয়েছে। এই পুরস্কার তরুণ চলচ্চিত্রকার
দের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ছবিটির সবচেয়ে ভালো জায়গা হলো ১১জন তরুণ চলচ্চিত্রকার একটি অমনিবাস চলচ্চিত্রে কাজ করেছেন। এটি বিদেশি বিচারকদের মনে দাগ কেটে গেছে এবং উৎসবজুড়ে আলোচিত হয়েছে।
এর আগে, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়। এখন নানা দেশের চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ছবিটি। ঢাকা শহরকে কেন্দ্র করে ১১জন চলচ্চিত্র নির্মাতা তৈরি করেছেন এটি। উঠে এসেছে ঢাকা শহরের জীবনযাপন। ছবির পরিচালক ১১জন তরুণ নির্মাতা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর আহসান, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন। শিগগির ছবিটি দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রের ১১টি গল্পের মধ্যে একটি গোলাম কিবরিয়া ফারুকী পরিচালিত ‘সাউন্ডস গুড’। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা শাহতাজ মুনিরা হাশেম। তিনি বলেন, ‘আমার অভিনীত প্রথম ছবিটির এত ভালো অর্জন সত্যিই আমাকে আনন্দিত করেছে। আমি অবশ্য শ্যুটিংয়ের সময় বুঝিনি এটি এত ভালো হবে। তাই অন্য সব কাজের মতো এই কাজটি না দেখে কোনো প্রচার করিনি। তবে ছবিটি যখন বুসানে যায় তখনই এ ছবির ব্যাপারে আরও আগ্রহী হই। বিশেষ করে নেটফ্লিক্সের মতো জনপ্রিয় সাইটে আমার ছবিটি স্থান পেয়েছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ আমি খুবই কম কাজ করি। তবে আমি যে নীতিতে বিশ^াসী সেই পথ অবলম্বন করেই একটা জায়গা তৈরি করতে পেরেছি।’
শাহতাজ আরও বলেন, ‘এ ছবিতে আমি বাংলা চলচ্চিত্রের নায়িকার চরিত্রে অভিনয় করেছি। সাউন্ড গুড মূলত শ্যুটিংয়ের সময় একজন সাউন্ড রেকর্ডিস্টের দৃষ্টিভঙ্গি নিয়ে নির্মিত। আমি প্রথমে কাজটি করতে চাইনি। কারণ আমি জানতাম না একজন সিনেমার নায়িকার চলা-বলা কেমন হয়। তবে পরিচালক আমাকে অনেক বুঝিয়ে কাজটি আদায় করে নিয়েছেন।’
এদিকে শাহতাজ আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন। এরই মধ্যে শেষ করেছেন কয়েকটি খ- নাটকের কাজ। যেগুলো ভালোবাসা দিবসে প্রচার হবে বলে জানিয়েছেন তিনি। তবে এখনই যে সব নাটক সম্পর্কে কিছুই বলতে রাজি নন তিনি। শাহতাজের ভাষ্য, ‘আমি আসলে কাজ না দেখে তা নিয়ে কথা বলতে চাই না। কারণ খারাপ কাজের প্রচার করে লাভ নেই। যে কাজটি ভালো হয় সেটি নিয়ে প্রচারের পর আমি কথা বলি। যেমন সম্প্রতি এটিএন বাংলায় প্রচার হয়েছে আমার অভিনীত জাস্ট ফ্রেন্ড নামের একটি নাটক। এতে আরও ছিলেন জোভান। এই নাটকটি ইউটিউবে আপলোড হওয়ার পর মাত্র চারদিনে এক মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। তাই এখন এটি নিয়ে আমি কথা বলছি। আমার এমন বেশকিছু কাজ আছে যা আমি দেখে খুশি হতে পারিনি। তাই সেটি নিয়ে আর কোনো কথাই বলিনি কখনো। এটিই আমার নীতি। তবে আমি বিশ^াস করি, ভালো কাজ হলে তা নিয়ে কথা বলতে হয় না। দর্শকের চোখে এমনিতেই ভালো কাজটি ধরা পড়ে।’
শাহতাজ বর্তমানে বাংলাভিশনের সাপ্তাহিক সেলিব্রেটি টক শো ‘ওয়েবলাইফ উইথ শাহতাজ’ নিয়ে ব্যস্ত আছেন। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ৯টায় প্রচার হয়। গত ছয় মাস ধরে ইয়ং স্টারদের নিয়ে এই শোটি করছেন তিনি। এই অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের দর্শকের পছন্দের তালিকায় রয়েছে।
