বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে ফের জয়ী হলো মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন প্যানেল। ১৯ পদের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে গুলজার-খোকন প্যানেল, পাঁচটিতে বিজয়ী হয়েছেন বাদল-বজলুর প্যানেলের সদস্যরা। সভাপতি গুলজার এবং মহাসচিব নির্বাচিত হলেন খোকন। শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এক ঘণ্টা বিরতির পর প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চুর নেতৃত্বে ভোট গণনা শুরু হয়।
নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মনি, আবুল খায়ের বুলবুল, ইলিয়াস ভূঁইয়া।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে নতুন নেতৃত্বের জন্য দুটি প্যানেলে লড়েছেন ৩৮ জন প্রার্থী। কমিশন সূত্র জানায়, ৩৬২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩১৯টি। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া চমৎকার পরিবেশে সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন পরিচালকরা।
