আজ ২৭ জানুয়ারি ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবস। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
সিরাজগঞ্জের সলঙ্গায় মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ পাঠাগার, নূরুননাহার তর্কবাগীশ অনার্স কলেজ, সলঙ্গা সমাজকল্যাণ সমিতি, তর্কবাগীশ মহিলা মাদ্রাসা, তর্কবাগীশ উচ্চ বিদ্যালয়, বিদ্রোহী সলঙ্গা ও সলঙ্গা ফোরাম পৃথকভাবে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, র্যালি ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
জানা যায়, ১৯২২ সালের এই দিনে ব্রিটিশ সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর গুলিতে সলঙ্গার হাটে বিলেতি পণ্য বর্জন আন্দোলনের কর্মীসহ সাড়ে ৪ হাজার সাধারণ হাটুরে জনতা হতাহত হয়। ব্রিটিশ শাসনামলে সাম্রাজ্যবাদবিরোধী অসহযোগ আন্দোলন ও খেলাফত আন্দোলনে জনতা উদ্বেলিত হয়ে বিলেতি পণ্য বর্জন করে স্বদেশি পণ্য ব্যবহারের সংগ্রাম শুরু করেছিল। এমনি একটি আন্দোলনের ঢেউ এসে আছড়ে পড়ে সিরাজগঞ্জের এই সলঙ্গায়। সে সময় তৎকালীন পাবনা জেলার এবং বর্তমান সিরাজগঞ্জ জেলার সলঙ্গা একটি ব্যবসায়িক জনপদ হিসেবে এখানে সপ্তাহে দুই দিন হাট বসত।
