রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে (সাবেক রাইফেলস স্কয়ার) চালু হলো নতুন সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা শুরু করে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। স্টার সিনেপ্লেক্স কর্র্তৃপক্ষ জানায়, ধানমন্ডি, জিগাতলাসহ আশপাশের এলাকার দর্শকদের কথা চিন্তা করে এটি চালু করা হয়েছে।
স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘সীমান্ত সম্ভারে নতুন মাল্টিপ্লেক্স চালুর মধ্য দিয়ে আমাদের পথচলায় নতুন মাত্রা যোগ হলো। আমরা সব সময় দর্শকদের সিনেমা দেখার নতুন পরিবেশ উপহার দিতে চাই।’ ২০১৯ সালের মধ্যে ঢাকার উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরও ২০টি ও পর্যায়ক্রমে সারা দেশে ১০০টি সিনেমা হল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
