অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট দলে অভিষেক হতে যাচ্ছে মার্কাস স্টয়নিসের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ওপেনার ম্যাট রেনশর জায়গায় ডাক পেয়েছেন এই অলরাউন্ডার।
সিডনিতে সিরিজের প্রথম টেস্টে মাত্র তিন দিনেই নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। দিবা-রাত্রির টেস্টটিতে লঙ্কানদের এক ইনিংস ও ৪০ রানে হারায় তারা। ১ ফেব্রুয়ারি ক্যানবেরায় হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
দলে একজন ব্যাটসম্যানের পাশাপাশি একজন অতিরিক্ত বোলার দরকার বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া দলের নির্বাচক ট্রেভর হনস। সেই বিবেচনাতেই ডাকা হয়েছে স্টয়নিসকে।
২৯ বছর বয়সী স্টয়নিস অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ২৪টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও আন্তর্জাতিক টেস্টে এখনও পা রাখেননি।
২০১৮-১৯ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দেখান তিনি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে চারটি শেফিল্ড শিল্ডের ম্যাচে ২৯৮ রান করার পাশাপাশি নেন ১০ উইকেট। এসব পারফরম্যান্সই টেস্ট দলের টিকিট এনে দিয়েছে স্টয়নিসকে।
