একাদশ সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার এ প্রহসনের নির্বাচনের বৈধতা পেতে চা-চক্রের দাওয়াত দিয়েছে।
রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়া ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ‘কোকো স্মৃতি সংসদ’।
শনিবার প্রধানমন্ত্রী সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টকে চা-চক্রের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন। আগামী শনিবার গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের আয়োজন রয়েছে। সেখানে অন্যান্য রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ঐক্যফ্রন্ট এ দাওয়াতে অংশ নেবে না বলেই প্রাথমিকভাবে জানান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেছেন, এখনো সংসদ বসেনি। একটিমাত্র মন্ত্রিসভার বৈঠক হয়েছে। অথচ ইতিমধ্যে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। এটা হয়েছে লুটপাট করার জন্য।
