সব হারানো খুলনার সামনে কুমিল্লা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০২:৪৪ এএম

তখন তারা চাপে ছিল আর এখন হারানোর কিছু নেই। খুলনা টাইটান্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আজ খুব সতর্ক না হয়ে মাঠে নামার উপায় নেই কোনো। সাগরিকার জহুর আহমেদ স্টেডিয়ামে তামিম ইকবালদের কুমিল্লা আর মাহমুদউল্লাহর খুলনার লড়াইটা আচমকা জমে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

হারতে হারতে বিধ্বস্ত মাহমুদউল্লাহ সেই কথাই বলছিলেন। ‘আমাদের হাতে এখন দুটি ম্যাচ আছে। ইনশাআল্লাহ যদি জিততে পারি, তাহলে হয়তো ভালো কিছু দিয়ে শেষ করতে পারব। জয়টা অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ।’ ১০ ম্যাচের মোটে ২টি জিতে টুর্নামেন্টে থেকে ছিটকে পড়েছে গেলবার কোয়ালিফায়ারে খেলা খুলনা।

সেই দল সিলেটে তখন চাপে থাকলেও সব হারানো অবস্থায় ছিল না। ১৮ জানুয়ারি জিততে জিততে হুমকির মুখে পড়েছিল কুমিল্লা। ১৯তম ওভারে

পাকিস্তানি পেসার জুনায়েদ খান দুই উইকেট তুলে নিলেন। কার্লোস ব্রাফেটকে একটি করে চার ও ছক্কায় থিসারা পেরেরা ২ বল বাকি থাকতে ৩ উইকেটের জয়টা নিশ্চিত করে দেন।

ওই জয়ের ভিত গড়েছিলেন তামিম। এবারের আসরে ওই একটি বারই বলার মতো ভালো খেলেছেন। ৪২ বলে ৭৩ করে প্রথম ও এখন পর্যন্ত শেষবার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়ার আগের দুটি ইনিংসে ডাক মেরেছিলেন। হ্যাটট্রিক ডাকের শঙ্কামুক্তি ঘটেছিল। সাবেক চ্যাম্পিয়নরা আরেকবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দলই। এখানে উইকেটও এমন যেটি তামিমদের মতো ব্যাটসম্যানদের চোখ চকচকে করে তুলছে। তামিম চট্টগ্রামের। গ্যালারির সমর্থন কেমন মেলে তাও দেখার ব্যাপার। 

টুর্নামেন্টের শিরোপার দাবিদার কুমিল্লা মাঠে নামছে ঢাকা ডায়নামাইটসের মতো দলকে শেষ ম্যাচে হারানোর স্মৃতি নিয়ে। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে কুমিল্লার পয়েন্ট ১০। খুলনা টেবিলের একেবারে নিচে। ১০ ম্যাচে মোটে ২ জয় তাদের কোনো আশা রাখেনি আর। কিন্তু শেষ কামড় বলে একটা কথা আছে। যাদের হারানোর কিছু থাকে না তাদেরই তো এমন শেষটায় প্রাণপণ করে কিছু প্রমাণেরও থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত