জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার মো. ফারুকুজ্জামানকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। দুটি ধারায় তাকে এ সাজা দেওয়া হলেও আগে কারাবাসের কারণে চার বছর কারাভোগ করতে হবে। গতকাল রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। এর আগে বিচারিক আদালত থেকে এ মামলায় খালাস পেয়েছিলেন তিনি।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী বিপুল বাগমার।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১১ সালের ১ জানুয়ারি যশোর কোতোয়ালি থানায় ফারুকুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৩ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার প্রক্রিয়া শেষে ২০১৬ সালের ৩০ অক্টোবর যশোরের বিশেষ জজ আদালত ফারুকুজ্জামানকে বেকসুর খালাস দেয়। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি আপিল দায়ের করে দুদক।
