কায়সার হামিদের জামিন

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০৪:৩১ এএম

রাজধানীর বনানী থানায় প্রতারণার দুই মামলায় জামিন পেয়েছেন সাবেক ফুটবলার কায়সার হামিদ। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার জামিন মঞ্জুর করেন। কায়সার হামিদের বিরুদ্ধে করা আরেক মামলার জামিন শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য রয়েছে।

গত ২১ জানুয়ারি জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ককে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম আবেদন নামঞ্জুর করে কায়সার হামিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০১৪ সালে বনানী থানায় করা একটি মামলায় গত ২০ জানুয়ারি রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে কায়সার হামিদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সিআইডি কর্মকর্তারা জানান, বেশি লাভ দেওয়ার কথা বলে নিউওয়ে মাল্টিপারপাস কো-অপারেটিভ নামে একটি মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে ওই টাকা আর ফেরত দিতে পারেননি। আট বছর আগে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এরপর অর্থ লগ্নিকারীদের কয়েকজন তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। বনানী থানায় করা মামলা দুটির বাদী রাজধানীর বাড্ডার জালাল উদ্দিন ও মো. আবু বক্কর সালাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত