মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ আসছে

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০৪:৫৭ এএম

দু-একদিনের মধ্যেই আসছে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারির ৩০ বা ৩১ তারিখের দিকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বিশেষ করে রাজশাহী ও সিলেট অঞ্চলে তাপমাত্রা বেশি কমতে পারে। স্বল্পমেয়াদি এই শৈত্যপ্রবাহের মাধ্যমেই বিদায় নেবে শীত। আবহাওয়াবিদ আরিফ হোসেন গতকাল রবিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘এ মাসের ৩০ বা ৩১ তারিখের দিকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহ তিন থেকে চারদিন অব্যাহত থাকবে এবং মাত্রা মৃদু থেকে কিছু এলাকায় মাঝারি আকার ধারণ করতে পারে।’ শীত কবে নাগাদ যেতে পারে এমন প্রশ্নের উত্তরে আরিফ বলেন, ‘শৈত্যপ্রবাহটি যাওয়ার পরই তাপমাত্রা বাড়তে থাকবে। ফেব্রুয়ারিতে তাপমাত্রা অতটা অসহনীয় হবে না। তবে মার্চে তাপমাত্রা অনেক বেড়ে যাবে।’

এর আগে আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছিল। বৃষ্টিপাতের পরই তাপমাত্রা কমে যাওয়ার কথাও বলা হয়েছিল। যদিও গত কয়েকদিন দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা আছে বলে জানিয়েছেন আরিফ।

গত ২৬ ডিসেম্বর দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়। এটি মৃদু মাত্রা থেকে কোথাও মাঝারি এবং কোথাও তীব্র আকার ধারণ করে প্রায় মাসব্যাপী অব্যাহত থাকার পর গত সপ্তাহে বিদায় নেয়। এর মাঝেই গত ২ জানুয়ারি তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। সর্বশেষ গত ২৬ জানুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে দশের নিচে নামেনি তাপমাত্রা।

গতকাল রবিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রাও সেখানেই রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে গতকাল ঢাকায় সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২০ দশমিক ২, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ১৬, সিলেটে ১৭, রাজশাহীতে ১৭, রংপুরে ১৬ দশমিক ৮ ও খুলনায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত