বেনজেমা-বেলের গোলে রিয়ালের সহজ জয়

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০৮:৪৩ এএম

ইনজুরি থেকে ফিরেই গোল পেলেন গ্যারেথ বেল। গোটা ম্যাচে দারুণ খেলা বেনজেমা লক্ষ্যভেদ করলেন দুইবার। সঙ্গে যোগ দিলেন রামোসও। তিন তারকার নৈপুণ্যে দারুণ এক জয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদ উঠে এল তিন নম্বরে।

রোববার রাতে এস্পানিওলকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল।

এই জয়ে ২১ ম্যাচ শেষ রিয়ালের পয়েন্ট ৩৯। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৪৯। ৪৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আতলেতিকো মাদ্রিদ।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। ১৫তম মিনিটে হেড থেকে গোল করেন রামোস। প্রথমার্ধের যোগ করা সময়ে আবার গোল করেন বেনজেমা। তার আগে ২৫তম মিনিটে এক গোল শোধ দেন এস্পানিওলের বাপতিস্তা।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার তিন মিনিটের মাথায় জাল খুঁজে নেন বেল। লুকাস ভাসকেসের পাস ধরে বাঁ পায়ের শটে মৌসুমে নিজের ১১তম গোলটি করেন ওয়েলসের এই ফরোয়ার্ড।

৭২তম মিনিটে রিয়াল দশজনের দলে পরিণত হয়। পিয়াত্তিকে ডি বক্সের ঠিক বাইরে পেছন থেকে ফাউল করে লাল কার্ড দেখেন রাফায়েল ভারানে।

৮১তম মিনিটে রবের্তো রোসালেস এস্পানিওলের হয়ে দ্বিতীয় গোল শোধ দিলে দলটির হারের ব্যবধান কিছুটা কমে। বাকিটা সময় অনায়াসে পার করে দেয় রিয়াল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত