নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবাই বিল এখন অজস্র অতিথি পাখির কিচিরি-মিচির হাঁক-ডাক আর কলতানে মুখরিত হয়ে উঠেছে। চলতি মৌসুমে হাজার হাজার অতিথি পাখির আগমন ঘটেছে ঐতিহ্যবাহী এই বিল ছাড়াও পাশের পুনর্ভবা নদীতে।
নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে শিরন্টি, আইহাই, গোয়ালা ও পাতাড়ী এই ৪ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত জবাই বিল। এখন অতিথি পাখিদের নিরাপদ বিচরণভূমিতে পরিণত হয়েছে বিলটি।
অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি পাখি এসেছে। এই বিল ও নদীতে অতিথি পাখির জন্য পর্যাপ্ত খাবার থাকায় প্রতি বছর শীতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটে।
এখানে শামুকখোল, বক, কক, বালিহাঁস, চাহা, রাজহাঁস, পাতি সরালিসহ নানা প্রজাতির পাখি আসে। তাদের কিচিরমিচির শব্দে সব সময় মুখরিত থাকে গোটা বিল। বিলের ছোট ছোট মাছ আর শামুকই মূলত এদের প্রধান খাদ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী বিলের অতিথি পাখি শিকার প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করেন।
জবাই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সোহানুর রহমান সবুজ জানান, তাদের সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় বিলের বিভিন্ন পয়েন্টে দিনরাত জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথসভা ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।
তার মতে, ইতোপূর্বে বিলে এত অতিথি পাখির আগমন দেখা যায়নি। প্রতি দিন শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল-সন্ধ্যা বিভিন্ন এলাকা থেকে পাখিপ্রেমী নারী-পুরুষ দর্শনার্থীর আগমন ঘটেছে।
