আমার সিদ্ধান্ত আমি নেব: সুলতান মনসুর

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১০:১৪ পিএম

একাদশ জাতীয় সংসদে যোগ দেওয়া বিষয়ে মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের হয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, 'আমার সিদ্ধান্ত আমি নেব'।

সোমবার রাতে দেশ রূপান্তরকে তার এ মনোভাবের কথা জানান সুলতান মনসুর। এর আগে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী শপথ নিলে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুমকি দেন।

এর প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর বলেন, আমি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের স্বার্থ দেখা আমার দায়িত্ব।

তিনি বলেন, জনগণ আমাদের ভোট দিয়েছে সংসদে যাওয়ার জন্য।

এর আগে রোববার সুলতান মনসুর দেশ রূপান্তরকে বলেন, আমি তো ছাত্রলীগের প্যানেল থেকেই ভিপি নির্বাচিত হয়েছি। নেত্রী (শেখ হাসিনা) আমাকে নেতা বানিয়েছেন। ছাত্রলীগের প্যানেলকে নির্বাচিত করার কোনো দায়িত্ব পালনের প্রস্তাব এলে তা অবশ্যই গ্রহণ করব।

গণফোরাম থেকে সিলেট-২ আসনে নির্বাচিত মোকাব্বির খানও সাংবাদিকদের শপথ নেবেন বলে জানিয়েছেন। তবে গণফোরাম ও ঐক্যফ্রন্ট শপথ না নেয়া বিষয়ে আগের সিদ্ধান্তে অটল বলে জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত