বৈধতার জন্যই দুই এমপিকে শপথের টোপ : সুব্রত

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০৩:৪৩ এএম

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী অভিযোগ করেছেন, অবৈধভাবে ক্ষমতায় চেপে বসা আওয়ামী লীগ তাদের বৈধতার জন্য তাদের দুই এমপিকে শপথ গ্রহণের জন্য ‘লোভ’ দেখাচ্ছে।

গতকাল সোমবার দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘ভোট জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় চেপে বসা আওয়ামী লীগ তাদের বৈধতার জন্য মরিয়া হয়ে উঠেছে। নিচ্ছে নানা কূটকৌশল। এর অংশ হিসেবে ঐক্যফ্রন্টের নির্বাচিত দুই এমপিকে শপথ নেওয়ার টোপ দিচ্ছে।’ সুব্রত চৌধুরী আরও বলেন, ‘এ টোপে কেউ সাড়া দিলে বহিষ্কার করা হবে। জনগণের সামনে জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত হবেন।’

একইদিন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, শপথ না নেওয়ার যে সিদ্ধান্ত জাতীয় ঐক্যফ্রন্ট নিয়েছে তা বহাল আছে। জনগণের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল, এখনো সেই ঐক্য অটুট আছে।

জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষে নির্বাচন করা গণফোরাম সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও গণফোরামের উদীয়মান সূর্য নিয়ে নির্বাচন করা মুকাব্বির হোসেন খান গণমাধ্যমে বলেছেন, তারা শপথ নেওয়ার কথা ভাবছেন। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে সুব্রত চৌধুরী দেশ রূপান্তরকে আরও বলেন, এটি তাদের ব্যক্তিগত মতামত হতে পারে। তবে জাতীয় ঐক্যফ্রন্টের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল আছে। এর বাইরে গিয়ে কেউ যদি শপথ নেন তবে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দল থেকে বহিষ্কার করা হবে।

‘দল থেকে বহিষ্কার করা হলে কিংবা কোনো কারণে সদস্যপদ বাতিল হলে উপনির্বাচনের মাধ্যমে এই দুই সংসদ সদস্যকে আওয়ামী লীগ নির্বাচিত করে নিয়ে আসবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে’ গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সম্পর্কে জানতে চাইলে সুব্রত চৌধুরী বলেন, সেটি তাদের বিষয়। তবে এতে আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় বসার বিষয়টি জনগণের সামনে আরও স্পষ্ট হবে। জনগণ বুঝতে পারবে তাদের ভোটাধিকার বঞ্চিত করে ক্ষমতায় চেপে বসা আওয়ামী লীগ কতটা নিচে নেমেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত