আলোচিত সেই কোরাল মাছ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার মেয়র আযষুল বারেক মোল্লা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে পাঠানোর জন্য নয়, মাছটি তিনি কিনেছিলেন ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য। কিন্তু তাকে হেয় করতে কুয়াকাটার এক জাতীয় পার্টি নেতার ইন্ধনে এসআই শাহআলম পরিকল্পিতভাবে গণমাধ্যমে প্রচার চালান। গতকাল সোমবার পটুয়াখালী জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বারেক মোল্লা।
এর আগে গত রবি ও সোমবার বিভিন্ন গণমাধ্যমে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এসআই শাহআলম ও মেয়র আবদুল বারেক মোল্লার মধ্যে দুটি কোরাল মাছের মালিকানা নিয়ে টানাটানির খবর প্রকাশ হয়।
শাহআলমের দাবি ছিল, ভাতিজির বিয়ের অনুষ্ঠানের জন্য দুটি বড় কোরাল মাছ ২২ হাজার টাকায় কিনে কুয়াকাটা মাছবাজারে বশিরের আড়তের রেফ্রিজারেটরে রাখেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কথা বলে আবদুল বারেক মোল্লা কোরাল দুটি নিয়ে যান।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ‘এসআই শাহআলমের কেনা কোনো কোরাল মাছ বশিরের আড়তে ছিল না। আমি কোরাল মাছ কেনার জন্য বশিরকে আগেই বলেছিলাম। যা ওইদিন ছেলের মাধ্যমে কিনে আনি। এছাড়া ওই মাছ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। কিন্তু সেখানে প্রধানন্ত্রী শেখ হাসিনাকেও জড়ানো হয়েছে। যা ছিল সবচেয়ে দুঃখজনক।’
কুয়াকাটার জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন হাওলাদারের ইন্ধনে এসআই শাহআলম পরিকল্পিতভাবে গণমাধ্যমে প্রচার চালান দাবি করে মেয়র আরও জানান, তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে শাহআলমের ‘অপরাধের’ বিচার চাইবেন।
