বাণিজ্যমেলায় ভ্যাট ফাঁকি ২৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১১:০২ পিএম

ভ্যাট ফাঁকির অভিযোগে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নেওয়া ২৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা পশ্চিম ভ্যাট কর্র্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার ভ্যাট কমিশনারের একটি বিশেষ দল মেলা প্রাঙ্গণে পরিদর্শনে গিয়ে বেশ কিছু স্টলে অনিয়ম দেখতে পেয়ে এ মামলা করে।

ঢাকা পশ্চিম অঞ্চলের কাস্টমস ও ভ্যাট কমিশনার ড. মইনুল খান বলেন, ‘সাধারণত ব্যবসায়ীদের মধ্যে ভ্যাট ফাঁকির প্রবণতা দেখা যায়। এই অভিযানের মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘অভিযানে দেখা গেছে, অনেক প্রতিষ্ঠান ক্রেতাদের থেকে ভ্যাট আদায় করলেও তা সরকারি কোষাগারে জমা দিচ্ছে না। কেউ আবার ভ্যাট চালান ছাড়াই পণ্য বিক্রি করছে। কোনো কোনো বিক্রেতা যথানিয়মে ভ্যাট পরিশোধ করছেন না। কিছু প্রতিষ্ঠানকে বিধান মেনে ভ্যাট প্রদানে পরামর্শ দেওয়া হয়েছে।’

ড. মইনুল আরও জানান, ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। এসব মামলা ভ্যাট আইন অনুযায়ী ভ্যাট কর্র্তৃপক্ষ নিষ্পত্তি করবেন। দোষী প্রমাণিত হলে ফাঁকি দেওয়া ভ্যাট আদায় ও জরিমানা হতে পারে। এবারের বাণিজ্যমেলায় ভ্যাটযোগ্য ৫১৮টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এ বছর মেলা থেকে ৬ কোটি ভ্যাট আহরণ হবে বলে ধারণা করা হচ্ছে। গত বছর এই খাতে আহরণ হয়েছিল ৫ কোটি ২১ লাখ টাকা। মামলায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছেÑ কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ, দিল্লি অ্যালুমিনিয়াম, নাভানা ফার্নিচার, নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড লিমিটেড, হাজীর বিরিয়ানি, স্মার্ট জোন, রোলেক্স মেটাল, এফজি জুয়েলারি, দেশ কালেকশন, মেসার্স শাহজাহান স্টোর, দ্য পার্ল হাউজ, জিসান কালেকশন, কামাল এন্টারপ্রাইজ, নাছির আবেদিন টেডার্স, আশরাফ অ্যান্ড ব্রাদার্স, হাশেম ফুড, মিয়াকো, লাভেলো আইসক্রিম, এসকেবি স্টেইনলেস স্টিল মিলস, হাজীর বিরিয়ানি অ্যান্ড শাহী কস্তুরি কাবাব, বেঙ্গল মেলামাইন, ব্রাদার্স ফার্নিচার ও ফ্যাশন জুয়েলারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত