প্রিমিয়ার ফুটবল লিগে আজ নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলবে নোফেল স্পোর্টিং ক্লাব। নিজেদের হোম ভেন্যু শেখ কামাল স্টেডিয়ামে নোফেলকে মোকাবেলায় প্রস্তুত বসুন্ধরা। গত ২৩ জানুয়ারি এই মাঠে কিংসের বিপক্ষে লড়েছিল ঢাকা আবাহনী। ওই খেলায় ৩-০ গোলে আবাহনীকে হারিয়েছিল অস্কার ব্রুজনের শিষ্যরা।
গতকাল সকালে হোম ভেন্যুতে অনুশীলন সেরেছে বসুন্ধরা কিংস। অন্যদিকে নোফেল স্পোর্টিং অনুশীলন করেছে নীলফামারী বড় মাঠে। জয়ের জন্য দুই দলই গ্রহণ করেছে নতুন নতুন কৌশল। ম্যাচের আগে কিংসের স্প্যানিশ কোচ বলছিলেন, ‘এ মাঠে আমরা মালদ্বীপের রেডিয়েন্টের বিপক্ষে খেলে জিতেছি। লিগের উদ্বোধনী খেলায়ও আবাহনীর বিপক্ষে জয় এসেছে। এবারও আমরাই জিতব।’ অন্যদিকে নোফেলের ম্যানেজার মো. শাহীন বলেন, ‘জেতার কৌশল নিয়ে আমরা নামব মাঠে। সে কৌশলে আমরাই জয়ী হব।’
এদিকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, খেলা ঘিরে ব্যাপক প্রচার চালানো হয়েছে গত কয়েক দিনে। আগের মতো দর্শক ঢলের আশা করছি। স্টেডিয়ামের ধারণক্ষমতা ২০ হাজার। সাধারণ আসন ৩০, চেয়ার ১৫০ এবং ভিআইপি টিকিট পাওয়া যাচ্ছে ৫০০ টাকায়।
