সেরা কর্মী বাছাই করবে জনপ্রশাসন মন্ত্রণালয়

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০৩:৪৬ এএম

প্রতি মাসেই সেরা কর্মী বাছাই করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য সূচক নির্ধারণ করা হয়েছে। সেরা কর্মীকে দেড় হাজার টাকা ও একটি ক্রেস্ট উপহার দেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীদের প্রতি মাসের কাজ ১০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। পেশাগত জ্ঞান ও দক্ষতার জন্য থাকবে ৫ নম্বর। এছাড়া সততার নিদর্শন, কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সঙ্গে আচরণ, সেবা গ্রহীতার সঙ্গে আচরণ, প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীলতা, নেতৃত্ব দানের ক্ষমতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারের পারদর্শিতা, নিরাপত্তা সচেতনতা, ছুটি নেওয়ার প্রবণতা, উদ্ভাবন চর্চা, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে তৎপরতা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, স্বপ্রণোদিত তথ্য প্রকাশে আগ্রহ, উপস্থাপন দক্ষতা, ই-ফাইল ব্যবহারে আগ্রহ, অভিযোগ প্রতিকারে সহযোগিতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে সেরা কর্মী বাছাই করা হবে। প্রতিটি বিষয়ের জন্য ৫ নম্বর করে বিবেচনায় নিয়ে কর্মী মূল্যায়ন করা হবে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহা দেশ রূপান্তরকে বলেন, কর্মীদের ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য আমরা সেরা কর্মী বাছাই করব। আশা করি, দুই মাসের মধ্যেই এ পুরস্কার চালু করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত