অপহরণের পর ফের শিশুর মাটিচাপা লাশ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০৩:৫১ এএম

ঢাকার ধামরাইয়ে অপহরণের চার দিন পর পাঁচ বছরের এক শিশুর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় মাজেদুল ইসলাম (২৮) ও মানছুর রহমানকে (২৫) গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ।

এর আগে গত সোমবার দুপুরে ফেনী শহরের পাঠানবাড়ী এলাকায় আরাফাত হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মাটিচাপা লাশ উদ্ধার করে পুলিশ।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘ঘটনার দিনই শিশু মনিরকে অপহরণের পর হত্যা করে লাশ মাটিচাপা দেওয়া হয়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে ওই নম্বর ট্র্যাকিং করে দুই খুনিকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মনিরের লাশ উদ্ধার করা হয়।’ এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। ওসি আরও বলেন, ‘এ হত্যার পেছনে মুক্তিপণ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।’

নিহত মনির হোসেন (৫) ধামরাইয়ের আশুলিয়া গ্রামের ব্যবসায়ী সোনা মিয়া ওরফে কালা মিয়ার ছেলে। সোনা মিয়া জানান, গত শনিবার বিকেলে বাড়ির পাশে সালাম মেম্বারের ধানের চাতালে খেলতে যায় মনির। সন্ধ্যার পরও সে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এরপরও ছেলেকে না পেয়ে রবিবার ধামরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন সোমবার বিকেলে সোনা মিয়ার মোবাইল ফোনে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে ধামরাই থানা পুলিশকে জানানো হলে প্রযুক্তির সহায়তা নিয়ে সেদিন রাতেই সোনা মিয়ার প্রতিবেশী মাজেদুল ও মানছুরকে গ্রেপ্তার করে।

এর আগে গত সোমবার দুপুরে ফেনী শহরের পাঠানবাড়ী এলাকায় আরাফাত হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মাটিচাপা লাশ উদ্ধার করে পুলিশ। আগের দিন নিজ এলাকা থেকে নিখোঁজ হয়েছিল সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত