তিন ফসলি জমি ও চর যেন নষ্ট না হয় : প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০৪:৩৬ এএম

জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে জাতীয় নীতিমালা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের সব জমির যেন সঠিক ব্যবহার হয়। তিন ফসলি জমি, চর যেন নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। স্থাপনা করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এজন্য কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভায় মোট ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে ব্যয় হবে সাড়ে ১৬ হাজার কোটি টাকা। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এ নির্দেশনার কথা জানান। এ সময় প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি পর্যায়ক্রমে মিটারগেজ থেকে সব রেললাইন ব্রডগেজ করার জন্য বলেছেন। আমদানি নির্ভরতা কমিয়ে আনতে বলেছেন। রেলের যন্ত্রাংশ নিজেরা যাতে তৈরি করতে পারি, সে বিষয়ে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সারা দেশের জমির জন্য একটি ডিটেইল প্ল্যান করার কথা বলেছেন। যেন জমির সঠিক ব্যবহার করা যায়। তিন ফসলি জমিতে যেন কোনোভাবেই শিল্প প্রতিষ্ঠান করা না হয়। প্রধানমন্ত্রী প্রতিটি শিল্প-কারখানায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা (ইটিপি) রাখার ওপর আবারও জোর নির্দেশনা দিয়েছেন।

এমএ মান্নান বলেন, বিদ্যুৎ উৎপাদনে আমরা খুবই ভালো করেছি। যেটা এ নির্বাচনে আমাদের ভোট পেতে সহায়তা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত