জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে সোহেল রানা (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোহেল শীর্ষ মাদক ব্যবসায়ী বলে দাবি র্যাবের।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
র্যাব জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামে র্যাবের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ ঘটনায় পাঁচবিবির অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাবের দাবি, গুলিবিনিময়ের ঘটনায় তাদের দুজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।
সোহেলের বিরুদ্ধে জয়পুরহাটের বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে জানিয়েছে র্যাব।
