হার্ডলাইনে মাদুরো, বিরোধী নেতার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১০:৪০ এএম

স্বঘোষিত প্রেসিডেন্ট বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট।

বিবিসি জানায়, নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক অস্থিরতায় গত সপ্তাহে গুয়াইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণার প্রতিক্রিয়ায় এমন ঘোষণা আসল দেশটির সর্বোচ্চ আদালত থেকে।

দ্বিতীয় মেয়াদে সরকার পরিচালনার জন্য গত বছরের শেষের দিকে এক বিতর্কিত নির্বাচনের মধ্যে দিয়ে জিতে আসেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

বিরোধী দল এ নির্বাচনকে বয়কট করে গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমে আসে। সেই সঙ্গে মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতেও অস্বীকৃতি জানায়।

তেলসমৃদ্ধ দেশটির রাজনীতি নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোও। গুয়াইদোর অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দিয়ে বসে যুক্তরাষ্ট্রসহ ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশ।

অন্যদিকে মাদুরোর পাশে থাকার ঘোষণা দেয় রাশিয়া, চীন ও তুরস্ক। এ ছাড়া নিজ দেশের সেনাবাহিনী ও সর্বোচ্চ আদালতের সমর্থন তো আগ থেকেই মাদুরোর পক্ষে ছিল।

এদিকে মাদুরো সরকারের বিরুদ্ধে এ অস্থিরতা নিরসনে সেনা হস্তক্ষেপের আশঙ্কার কথা জানিয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকার একটি কূটনৈতিক গোষ্ঠী। ভেনেজুয়েলায় শান্তি প্রতিষ্ঠায় ২০১৭ সালে কানাডাসহ এ দুই মহাদেশের ১৪টি দেশকে নিয়ে লিমা গ্রুপ নামে এটি গঠিত হয়।

লিমা গ্রুপের অন্যতম প্রতিনিধি পেরুর পররাষ্ট্রমন্ত্রী নেস্টোর পোপোলিজিও জানান, ভেনেজুয়েলায় কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে তারা।

একইভাবে যুক্তরাষ্ট্রও এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনা ও সমঝোতার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান হতে পারে।

যদিও যুক্তরাষ্ট্র গুয়াইদো সরকারকে স্বীকৃতি দেওয়ায় দেশটির পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। এতে মাদুরো সরকার ক্ষিপ্ত হয়ে মার্কিন কূটনৈতিকদের দেশটি থেকে বের হয়ে যাওয়া নির্দেশ দেন। দেশটির তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আনে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের হিসেবে গত দশ দিনে দেশটিতে রাজনৈতিক সহিংসতায় ৪০ জন নিহত এবং অসংখ্য মানুষ গ্রেপ্তারের সম্মুখীন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত