আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভুয়া ভোটের’ সংসদের প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।
মওদুদ আহমদ বলেন, ‘আজ যে সংসদ বসতে যাচ্ছে এ সংসদ জনগণের সংসদ নয়, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়।’
তিনি বলেন, এই নির্বাচনে মানুষ তাদের ভোটের অধিকার হারিয়েছেন। এই নির্বাচনে ভোটারদের, প্রার্থীদের কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। এই নির্বাচন করেছে প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী। এই নির্বাচনে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না।’
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘এই নির্বাচন দেখে আমরা নির্বাক হয়েছি। এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি শুধু তাই নয়, অবিলম্বে নতুন করে আরেকটা নির্বাচন করার দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। তাহলে এদেশের মানুষ আবার ভোটের অধিকার ফিরে পাবে। একটি কার্যকর সংসদ বাংলাদেশ দেখতে পাবে।
মওদুদ বলেন, ‘এজন্য দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের যে সকল নেতাকর্মী জেলে আছে, পালিয়ে আছে তাদেরকে মুক্ত করতে হবে। তাহলে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই সরকারের পদত্যাগ দাবি করছি। তিন থেকে ছয় মাসের মধ্যে নতুন করে নির্বাচনের দাবি জানাই।’
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড.আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।
