অমিতাভ বচ্চন ও রেখার রয়েছে অতিচর্চিত অতীত। তাদের প্রেম কাহিনী আজো চায়ের কাপে ঝড় তোলে। সে হিসেবে স্ত্রী-সংসার-সন্তান নিয়ে সুখে থাকা বলিউডের বিগ বি’কে দেখে সরে যেতেই পারেন নায়িকা। কিন্তু, সরাসরি দেখা হয়নি তাদের। অমিতাভের পোস্টার দেখেই এ কাণ্ড।
আনন্দবাজার পত্রিকা জানায়, সেলিব্রিটি চিত্রগ্রাহক ডাবু রত্নানি সোমবার প্রকাশ করলেন ২০১৯ সালেন ক্যালেন্ডার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।
ওই অনুষ্ঠানে ছবি তোলার সময় রেখার প্রতিক্রিয়া নজর কাড়ে সবার। সে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
রত্নানির এবারের ক্যালেন্ডারে নেই চিরসুন্দরী রেখা। তবুও এ দিনের আকর্ষণের কেন্দ্রে যে তিনি ছিলেন তা প্রমাণ করল ভাইরাল হওয়া ভিডিও।
অনুষ্ঠানে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন রেখা। হঠাৎ মুখ ঘোরাতেই দেখলেন ঠিক পেছনে রয়েছে অমিতাভ বচ্চনের পোস্টার। আর তা দেখা মাত্র যেন চমকে গেলেন। তারপর লাফিয়ে উঠে সেখান থেকে সরে গেলেন রেখা।
ওই আয়োজনে রেখা ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যা বালান, সানি লিওন, সোনাক্ষি সিন্হা, কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা ও টাইগার শ্রফের মতো তারকারা।
টানা তিন দশক পরস্পরের মুখোমুখি না হলেও আজকাল বিভিন্ন অনুষ্ঠানে হাই-হ্যালো করতে দেখা যায় অমিতাভ বচ্চন ও তার স্ত্রী জয়া বচ্চনকে। এর পেছনে হাত রয়েছে সিনিয়র বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের।
