ম্যানচেস্টার সিটির শিরোপা স্বপ্নে বড় ধাক্কা দিল নিউক্যাসেল ইউনাইটেড। মঙ্গলবার এক গোলে পিছিয়ে পড়েও বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে স্বাগতিকরা। এই হারে লিভারপুলের সঙ্গে শিরোপা লড়াইয়ে পিছিয়ে গেল পেপ গার্দিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের শততম ম্যাচটিতে তাই হার নিয়েই ফিরতে হলো সিটির স্প্যানিশ কোচকে। অ্যাওয়ে ম্যাচে মাত্র ২৪ সেকেন্ডেই সার্জিও আগুয়েরো গোল এনে দেন। কিন্তু বিরতির পর ৬৬ মিনিটে রনডন ও ৮০ মিনিটে পেনাল্টি থেকে রিচির গোলে জয় নিশ্চিত করে নিউক্যাসেল। এতে সিটিজেনরা গতবার শিরোপা জয়ের পথে পুরো মৌসুমে যত পয়েন্ট হারিয়েছিল তার চেয়ে বেশি এরই মধ্যে খুইয়ে ফেলেছে। বুধবার রাতে লেস্টার সিটির বিপক্ষে জিতলে ম্যানসিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭-এ নিয়ে যাবে লিভারপুল।
এদিকে দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাক্কা খেলেন ওলে গানার সোলসকায়ের। না, সিটির ভাগ্য বরণ করতে হয়নি তার দল ম্যানচেস্টার ইউনাইটেডকে। তবে টানা আট ম্যাচ পর জয়রথ থেমেছে তাদের। এফএ কাপে দুটি ও প্রিমিয়ার লিগে টানা ছয় ম্যাচ জেতার পর মঙ্গলবার বার্নলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানইউ। দ্বিতীয়ার্ধেই ম্যাচটি উত্তেজনার হয় বেশি। ৫১ মিনিটে বার্নস ও ৮১ মিনিটে উড গোল করেন বার্নলের পক্ষে। তাতে ভুলতে বসা হারের স্বাদ পাওয়ার শঙ্কা ধরে ম্যানইউর। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে পল পগবা গোল করলেও হারের ভয় কাটছিল না। অবশেষে ম্যাচের ইনজুরি সময়ের রোমাঞ্চকর মুহূর্তে লিনডেলফ গোল করে কোচ সোলসকায়েরের অজেয় ধারাটা বজায় রাখেন।
এছাড়া দিনের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে কার্ডিফ সিটিকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচ শুরুর আগে কার্ডিফে চুক্তিবদ্ধ হওয়া ফুটবলার এমিলিয়ানো সালাহকে স্মরণ করা হয়। গত সপ্তাহে ফ্রান্সের নান্তেস থেকে কার্ডিফে আসার পথে তাকে বহন করা বিমানটি কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। পরে সমুদ্রে খোঁজ করেও ওই বিমান বা সালাহ ও পাইলটকে খুঁজে পাওয়া যায়নি। কার্ডিফের সঙ্গে চুক্তি করলেও এই জার্সিতে কোনো ম্যাচ খেলার আগেই না ফেরার দেশে চলে যান আর্জেন্টিনা ফুটবলার।
