১০৮ হরিজন পরিবার উচ্ছেদ

২৪ ঘণ্টায় পুনর্বাসন না হলে আন্দোলনের হুমকি

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০২:৪৬ এএম

গোপীবাগ রেলওয়ে কলোনি এলাকা থেকে উচ্ছেদ হওয়া ১০৮টি হরিজন পরিবারকে চব্বিশ ঘণ্টার মধ্যে পুনর্বাসন না করলে আন্দোলনে যাবে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের সভাপতি বাবু কৃষ্ণ লাল। দেশের হরিজনরা তাদের মৌলিক মানবাধিকারের মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

রেলওয়ের একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য গত ২২ জানুয়ারি গোপীবাগ রেলওয়ে কলোনি এলাকা থেকে ১০৮টি পরিবারকে উচ্ছেদ করে রেল কর্র্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষ্ণ লাল বলেন, ‘আমরা সারা দেশে ১৫ লাখ হরিজন বাস করি। কিন্তু আমাদের কোনো ঘর নেই, বাড়ি নেই। আমরা আজ নিজ দেশে পরবাসী। আমরা অবিলম্বে পুনর্বাসন চাই, তা করা না হলে আমরা আন্দোলনে নামব।’

বাংলাদেশের সংবিধানের ৭ অনুচ্ছেদে জাতি, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে কোনো বৈষম্যের উল্লেখ নেই জানিয়ে তিনি বলেন, ‘অথচ হরিজনরা সবসময় মানবাধিকারের মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে।

আমরা ভূমিহীন হিসেবে সরকারের দেওয়া জমিতে থাকলেও কখনো বলতে পারি না, এই ঘর আমাদের। এটাই আমাদের ঠিকানা।’  

হরিজন সভাপতি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। এরমধ্যে প্রধানমন্ত্রী হরিজনদের জন্য আবাসন প্রকল্পের কাজ শুরু করেছেন। কিন্তু সেখানে পুনর্বাসনের আগেই উচ্ছেদ করায় ১০৮টি পরিবার আজ খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছে। হরিজন বলে আমাদের কেউ ঘর ভাড়া পর্যন্ত দিচ্ছে না।’

ভুক্তভোগী পরিবারের সদস্য এসএসসি পরীক্ষার্থী মনি রানী বলেন, ‘উচ্ছেদের দিন থেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি। আগামী ২ তারিখ থেকে এসএসসি পরীক্ষা। জানি না কীভাবে পরীক্ষা দেব, কীভাবে পড়াশোনা করব। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, তিনি যেন খুব শিগগির এ সমস্যার সমাধান করে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেন।’

নারীনেত্রী বনানী বিশ্বাস বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি অসহায় রোহিঙ্গাদের পুনর্বাসন করেছেন। দেশ আজ উন্নয়নের মহাসড়কে, কিন্তু আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। আমদের পাশে কেউ নেই। আপনি পুনর্বাসন করে আমাদের পাশে দাঁড়ান।’  

অন্যদের মধ্যে হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়ক মামুনুর রশিদ, বাংলাদেশ দলিত পরিষদের সমন্বয়ক উজ্জ্বল দাস ও নারীনেত্রী সুচিত্রা রানী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত