নীলফামারীতে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে নীলফামারী পৌরসভার বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় এক কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল রানা শুভ (১৯) নীলফামারী বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থী। পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে বাবা-মায়ের অনুপস্থিতিতে নিজ বাড়িতে কয়েকজনের সঙ্গে খেলছিল মেয়েটি। সেই সুযোগ নিয়ে প্রতিবেশী শুভ তাকে চকলেট কিনে দেওয়ার নাম করে বাড়ি থেকে বের করে একটি গম ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। সে সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে শুভ পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাবা-মা শিশুটিকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায় বলেন, ‘মামলার পরপরই আসামি সোহেল রানা শুভকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে (শুভ) পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে।’
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক শাহীনা আক্তার জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। প্রতিবেদন আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
