সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি আবারও জাতীয় দলে ফিরতে পারেন বলে জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। মার্চে ভেনেজুয়েলা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা দলে দেখা যেতে পারে তাকে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ইএসপিএন আর্জেন্টিনা।
গত বছর রাশিয়া বিশ্বকাপের নক-আউট পর্বে ফ্রান্সের কাছে হারার পর থেকে আর্জেন্টিনার জার্সি গায়ে আর খেলতে নামেননি মেসি। স্বেচ্ছায় জাতীয় দল থেকে নিজেকে দূরে রাখছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন কি-না এ ব্যাপারেও স্পষ্ট কিছু বলছেন না তারকা এই ফরোয়ার্ড।
জুনে কোপা আমেরিকার জন্য প্রস্তুতি হিসেবে ২২ মার্চ মাদ্রিদে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চারদিন পর জার্মানির ড্রেসডেনে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইএসপিএন আর্জেন্টিনার ইঙ্গিত, ম্যাচ দুটিতে খেলতে পারেন মেসি।
গত সপ্তাহে কোপার গ্রুপ নির্ধারণী শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কোলানি আভাস দেন, মেসিকে দলে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। ৩১ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে কথা বলার আভাস দেন আর্জেন্টিনা কোচ।
মেসির ফেরার সম্ভাননা নিয়ে স্কালোনি তখন বলেন, “ফিফার মার্চের ম্যাচগুলোর সূচি জানার আগে সম্ভবত তার সঙ্গে আমরা কথা বলব। আমি আশা করি, সে আমাদের সঙ্গে থাকবে। আমরা তাকে সুখী দেখতে চাই।”
সবশেষ বড়দিনের ছুটিটা আর্জেন্টিনায় কাটালেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি মেসি। আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যত নিয়েও কোনো ইঙ্গিত দেননি।
