সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় বুধবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যের স্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীলতা ছড়ানোর অপরাধে পাঁচ বখাটে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ মামলায় শাহজাদপুর থানা পুলিশ প্রধান আসামি মো. রোকনকে (৪০) গ্রেপ্তার করে।
এ মামলায় অপর আসামিরা হলো, রোকনের ভাই খুশি (৫২) ও খোকনসহ (৪২) অজ্ঞাত আরো ২/৩ জন।
শাহজাদপুর পৌর সদরের দরগাহপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে শাওন শেখ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাকিবুল হুদা জানান, আসামিরা বাদীর স্ত্রীর নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খোলে। এরপর ওই পেজে তার স্ত্রী ও বোনের মুখমণ্ডলের ছবি পর্ন ছবির সঙ্গে যুক্ত করে তাদের পতিতাপল্লীর মেয়ে পরিচয় দেয়।
তিনি আরো জানান, এ ছাড়া তার স্ত্রীর ফোনে কল দিয়ে অশ্লীল ভাষায় কটূক্তি করে তারা। এর প্রতিবাদ জানালে বখাটেরা প্রাণনাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। পরে বাদী ওই বখাটেদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।
রাকিবুল হুদা জানান, এ মামলা দায়েরের পরপরই পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার রোকনকে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। বিকেলেই তাকে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়।
