করিম বেনজেমার জোড়া গোলে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগেও জিরোনার বিপক্ষে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে বিশাল জয়ে প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে উঠেছে মাদ্রিদ শহরের ক্লাবটি।
বৃহস্পতিবার রাতে জিরোনার মাঠে ৩-১ গোলের জয় পায় রিয়াল। এর আগে নিজেদের মাঠে প্রথম লেগে ৪-২ গোলের জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে এগিয়ে থেকে প্রতিযোগিতাটির শেষ চারের টিকিট নিশ্চিত করল সান্তিয়াগো সোলারির দল।
প্রতিপক্ষের মাঠে রিয়ালের জয়ে বড় অবদান বেনজেমার। প্রথমার্ধে তার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। এই নিয়ে ক্লাবটির হয়ে ২০৯টি গোল করলেন ২০০৯ সালে যোগ দেওয়া বেনজেমা। এই জন্য খেলতে হয়েছে ৪৪৬টি ম্যাচ।
দ্বিতীয়ার্ধে একটি শোধ করে ম্যাচ জমিয়ে তুলে জিরোনা। তবে ব্যবধান বাড়াতে খুব বেশি দেরি হয়নি মার্কোস রিয়ালের। ৭৬তম মিনিটে দানি কাবাইয়োসের পাস থেকে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস লরেন্তে।
সেমি-ফাইনাল নিশ্চিত করা অপর তিন দল-ভালেন্সিয়া, বার্সেলোনা ও রিয়াল বেতিস।
