রাজনীতির জন্য লড়াইয়ের অংশ হিসেবে বিএনপিকে সংসদে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘যখন বিরোধী দলে ছিলাম আমরাও সংসদে গিয়েছি। রাজনীতি অনেক কঠিন বিষয়। যে কোনো অবস্থায় রাজনীতির জন্য লড়াই করে যেতে হবে। বিএনপির এখনো সুযোগ আছে, সংসদে আসুন। অভিমান করে কিছু হয় না।’
জাগো বাংলা ফাউন্ডেশন আয়োজিত ‘সংরক্ষিত নারী আসন : সংসদীয় গণতন্ত্রে নারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক এ স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘নারীদের ক্ষমতা এখন এমন হয়ে গেছে, কয়দিন পরে পুরুষদের ক্ষমতার জন্য লড়াই করতে হবে। নারীরা এখন কোথায় নেই। প্রধানমন্ত্রী থেকে স্পিকারসহ বিভিন্ন পর্যায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই নারীর ক্ষমতায়ন হয়েছে বলে মন্তব্য করেন ১৪ দলের মুখপাত্র নাসিম। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ও জাগো বাংলা ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অহিদুজ্জামান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, এনটিসিআরসির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এইচ খান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
