মিসরে বিপুল পরিমাণ প্রাচীন মমির সন্ধান পাওয়া গেছে। জানা গেছে, এসব মমি ৩০৫ থেকে ৩০ খ্রিষ্টপূর্ব টলেমেমিক যুগের। সে সময় মিসর শাসন করেছিল টলেমেমিক রাজবংশ।
বিবিসি এক প্রতিবেদনে শনিবার জানায়, মিসরের পুরাতাত্ত্বিক দপ্তরের প্রত্নতাত্ত্বিক গবেষকেরা রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে ৫০টি মমি আবিষ্কার করেন।
পুরাতাত্ত্বিক দপ্তর জানায়, মিনয়ার তুনা এল জেবেল সাইটে খনন করে চারটি বড় ধরনের সমাধিক্ষেত্র পাওয়া যায়। সেখানের এসব মমি পাওয়া যায়। মমিগুলোর মধ্যে ছিল ১২টি শিশুও।

মমিগুলো ছিল পাটবস্ত্রে জড়ানো, সেই সঙ্গে পাথর ও কাঠের কফিনে সংরক্ষিত।
তবে এসব মমি চরিত্রের ঐতিহাসিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুরাতাত্ত্বিক দপ্তরের কর্মকর্তাদের ধারণা, টলেমেমিক রাজবংশের কোনো গুরুত্বপূর্ণ লোক ছিলেন তারা।
