এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিন গতকাল রবিবার অনৈতিক কাজে জড়িত হওয়ার কারণে ৪০ শিক্ষক-পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া এ দিন অনুপস্থিত ছিল ৯ হাজার ৩২৪ পরীক্ষার্থী। তাদের মধ্যে আটটি সাধারণ বোর্ডের ৪ হাজার ৮৯৫ জন ও মাদ্রাসা বোর্ডের ৪ হাজার ৪২৯ জন রয়েছে। গতকাল এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র ও বাংলা ভাষা ও বাংলাদেশের সাংস্কৃতিক দ্বিতীয় পত্র এবং মাদ্রাসা বোর্ডে আরবি প্রথম পত্র পরীক্ষা হয়। এদিন কারিগরি বোর্ডের কোনো পরীক্ষা ছিল না।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের প্রাপ্ত তথ্যমতে, ঢাকা বোর্ডের চারজন পরিদর্শককে অনৈতিক কাজের জন্য বহিষ্কার করা হয়েছে। আর বহিষ্কৃত ৩৬ জনের মধ্যে ঢাকায় ১০ জন, বরিশালে পাঁচজন, কুমিল্লায় চারজন এবং মাদ্রাসা বোর্ডের ১৭ পরীক্ষার্থী রয়েছে। এ ছাড়া ঢাকা বোর্ডে ১ হাজার ৪১৮ জন, চট্টগ্রামে ৪৮৪ জন, রাজশাহীতে ৭৮৯ জন, বরিশালে ৩৯৫ জন, সিলেটে ২২৬ জন, দিনাজপুরে ৫৮১ জন, কুমিল্লায় ৫১২ জন এবং যশোরে ৪৯০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
