স্টার্কের দশ উইকেটে সিরিজ অস্ট্রেলিয়ার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪১ এএম

বড় লক্ষ্যের পথে হাঁটতে গিয়ে থই পেল না শ্রীলঙ্কা। মিচেল স্টার্ক দ্বিতীয় ইনিংসেও নিলেন পাঁচ উইকেট। সঙ্গে যোগ দিলেন প্যাট কামিন্স। আর তাতেই চার দিনে লঙ্কা পুড়ে ছারখার।

মানুকা ওভালে সোমবার শ্রীলঙ্কাকে ৩৬৬ রানে হারিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অতিথিরা এদিন ১৪৯ রানে গুটিয়ে যায়। সফরে চার ইনিংসের মধ্যে তিনবারই ২০০ রানের আগে আউট হল দলটি। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে কেবল ২১৫ রান তোলে হাথুরুসিংহের দল।

গত অক্টোবর থেকে টেস্টে জয়হীন শ্রীলঙ্কা। শেষ সাত টেস্টের ছয়টিতেই হারতে হয়েছে তাদের।

স্টার্ক দ্বিতীয় ইনিংসে ৪৬ রান খরচায় নেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট নিতে খরচ করেন ৫৪ রান। ক্যারিয়ারে এই নিয়ে দুইবার দশ উইকেট নিলেন তিনি।

জয়ের জন্য লঙ্কানদের করতে হতো ৫১৬। চতুর্থদিন ১৭/০ থেকে শুরু করে দলটি। ৫১ ওভারের ভেতর তাদের গুটিয়ে দিতে স্টার্কের পাশাপাশি ১৫ রানে তিন উইকেট নেন কামিন্স।

সকালের ১৩তম বলে দিমুথ করুনারত্নেকে (৮) ফেরান স্টার্ক। এরপর অধিনায়ক দিনেশ চান্দিমালকে (৪) তৃতীয় স্লিপে ধরা পড়তে বাধ্য করেন।

সতীর্থদের যাওয়া-আসার মাঝে লাহিরু থিরিমান্নেকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। তাকে বিদায় করেন কামিন্স। নিজের বলে দারুণ এক ক্যাচ নেন অজি পেসার। ওপেনার থিরিমান্নে ৮১ বলে ৩০ করে যান।

নিরোশান ডিকভেলাও থিতু হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। ব্যক্তিগত ২৭ রানে তাকে বোল্ড করেন স্টার্ক। স্টার্ক যখন কুশল পেরেরাকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন, ততক্ষণে ৮৩ রানে ৫ উইকেট নেই দলটির।

উইকেট শিকারের মিছিলে যোগ দেন রিচার্ডসনও। ধনঞ্জয়া ডি সিলভাকে (৬) ফেরান তিনি। বিপদের মুখে শেষ লড়াই চালান চামিকা করুনারত্নে এবং কুসল মেন্ডিস। দুজনে ৪৬ রানের জুটি গড়েন। এই জুটি কয়েকটি আক্রমণাত্মক শট খেলে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।

ব্রেক-থ্রু আনেন পার্টটাইম লেগস্পিনার মার্নাস লাবুশেন। ৬৯ বলে ৪২ করা মেন্ডিসকে কাভারে ধরা পড়ান। এরপর দ্রুত কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন চামিকা (২২)। দিলরুয়ানকে পেরেরাকেও ওই কামিন্স কটবিহাইন্ড করলে স্টার্কের দশ উইকেট নেওয়া কিছুটা শঙ্কায় পড়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত তিনি ‘ম্যাজিক ফিগারে’ পৌঁছান দারুণ এক ইয়র্কারে। রানের খাতা খোলার আগেই দশম ব্যাটসম্যান হিসেবে বিদায় করেন বিশ্ব ফার্নান্দোকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত