চেকআপের জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
রাতে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইউনুস। তিনি জানান, ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুরে গেছেন। চেকআপ শেষে শিগগিরই মহাসচিব দেশে ফিরবেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ দেশ রূপান্তরকে বলেন, নির্বাচনসহ রাজনৈতিক নানা ব্যস্ততার কারণে বিএনপি মহাসচিবের নিয়মিত চিকিৎসা ব্যাহত হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। তাই চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গেছেন। তার দেশে ফেরার বিষয়টি চিকিৎসার ওপর নির্ভর করছে।
এর আগে সর্বশেষ ২০১৭ সালের ২৮ মার্চ সিঙ্গাপুর যান ফখরুল। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
