হোয়াইটওয়াশ হাথুরুর শ্রীলঙ্কা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৫ এএম

এই মিচেল স্টার্ককে খুঁজেই পাওয়া যাচ্ছিল না ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। খুঁজে পাওয়া গেলে হয়তো ঘরের মাঠে লজ্জায় পড়তে হতো না অস্ট্রেলিয়াকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেই স্বমূর্তিতে আবির্ভূত এ ফাস্ট বোলার। গতকাল শেষ হওয়া ক্যানবেরা টেস্টে দুই ইনিংসে ১০ উইকেট দখল করেন তিনি। ফলে দ্বিতীয় টেস্টে ৩৬৬ রানে হেরে অজিদের কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে লঙ্কানরা। ৫১৬ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৯ রানে অল আউট হয় সফরকারীরা। কোনো লঙ্কান ব্যাটসম্যান হািফসেঞ্চুরি করতে পারেননি। তাছাড়া দুই টেস্টের তিন ইনিংসেই দুইশোর নিচে অল আউট হয়েছে দিনেশ চান্দিমালের দল।

শ্রীলঙ্কার বাজে সময় অবশ্য শুরু হয়েছে গত বছর অক্টোবর থেকে। শেষ সাত টেস্টের ছয়টিতে হেরেছে তারা। গতকাল চতুর্থ দিনে শেষ হওয়া টেস্টে ৫১৬ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে স্টার্ক আর প্যাট কামিন্সের তোপের মুখে দাঁড়াতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। মাত্র ৪৬ রান দিয়ে ৫ উইকেট নেন স্টার্ক। প্রথম ইনিংসেও ৫ উইকেট দখল করেছিলেন তিনি। ১৫ রানে ৩ উইকেট নেন কামিন্স। ক্যানবেরার উইকেট অবশ্য ব্যাটিংসহায়ক ছিল। এই টেস্টে তিনজন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে উসমান খাজা অপরাজিত সেঞ্চুরি করেছিলেন। অথচ সেই উইকেটে লঙ্কান ইনিংসের সর্বোচ্চ রান কুশল মেন্ডিসের। খেলেছেন মাত্র ৪২ রানের ইনিংস। এই টেস্টের জয়ের নায়ক স্টার্কই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। সিরিজসেরা হয়েছেন কামিন্স।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৫৩৪/৫ডি. ও ২য় ইনিংস : ১৯৬/৩ডি.।

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২১৫/১০ ও ২য় ইনিংস : ১৪৯/১০ (মেন্ডিস ৪২, থিরিমান্নে ৩০, ডিকভেলা ২৭; কামিন্স ৩/১৫, স্টার্ক ৫/৪৬)।

ফল : অস্ট্রেলিয়া ৩৬৬ রানে জয়ী। ম্যাচসেরা : মিচেল স্টার্ক। সিরিজসেরা : প্যাট কামিন্স।

সিরিজ : দুই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ২-০-তে জয়ী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত