আলাউদ্দিন আলীর চিকিৎসায় ২ লাখ টাকা সহায়তা দিল সংস্কৃতি মন্ত্রণালয়

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৯ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য গীতিকার, সুরকার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। এই গুণী সংগীত ব্যক্তিত্বের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। আলাউদ্দিন আলীর চিকিৎসায় সহায়তা করার জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২৫ লাখ টাক প্রদান করা হয়েছে তার পরিবারের হাতে।

এদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আলাউদ্দিন আলীর চিকিৎসার জন্য ২ লাখ টাকা প্রদান করা হয়। আজ দুপুরে তার স্ত্রী ফারজানা আলী মিমির হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসান।  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ অনুদান খাত হতে আর্থিক অনুদান হিসেবে এ সহায়তা প্রদান করা হয়।

ফয়সাল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘আজ দুপুরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাউদ্দিন আলীর বাসায় গিয়ে ওনার স্ত্রীর হাতে ২ লাখ টাকার চেক হস্তান্তর করি।’

এর আগে ৩ ফেব্রুয়ারি, রোববার দুপুরে গণভবনে আলাউদ্দীন আলীর স্ত্রী ফারজানা মিমি ও তার ছোট মেয়ে আদ্রিতা আলাউদ্দিন রাজকন্যাকে ডেকে নিয়ে ২৫ লাখ টাকার অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণ সমস্যায় ভুগছেন। ক্যানসারের চিকিৎসাও চলছে। গত ২২ জানুয়ারি তাকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। অবস্থার অবনতি ঘটলে ২৫ জানুয়ারি সকালে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। আলাউদ্দিন আলী কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত