মেসির চোট নিয়ে ভাবছেন না রিয়াল কোচ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০২ পিএম

একদিন পরই ক্লাসিকো লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটির আগে প্রতিপক্ষের তারকা খেলোয়াড় লিওনেল মেসির চোট নিজেদের ভাবনায় কোনো পরিবর্তন আনছে না বলে জানালেন দলটির কোচ সান্তিয়াগো সোলারি।

বুধবার রাতে কাম্প নউয়ে বাংলাদেশ সময় রাত দুইটায় কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দল দুটি। রিয়ালের কোচ হিসেবে এটাই হবে সোলারির প্রথম ক্লাসিকো লড়াই।

নিজেদের মাঠে গত শনিবার লা লিগার ম্যাচে দুই গোলে পিছিয়ে হারতে বসেছিল বার্সেলোনা। জোড়া গোল করে শেষ পর্যন্ত দলকে হার থেকে বাঁচান মেসি। কিন্তু ম্যাচটির দ্বিতীয়ার্ধে উরুতে টান পেয়ে বসেন এই ফরোয়ার্ড। চোট পেলেও পুরো ৯০ মিনিটই খেলা চালিয়ে যেতে পেরেছিলেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়, তেমন গুরুতর নয় মেসির চোট। কিন্তু রিয়ালের বিপক্ষে তার খেলা নিয়ে নিশ্চিত কিছু বলা হয়নি। প্রতিপক্ষ দলের অধিনায়কের চোট প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সোলারি বলেন, “সেরা খেলোয়াড়দের খেলাটা ফুটবলের জন্য সবসময়ই ভালো।”

মেসির সম্ভাব্য অনুপস্থিতি ম্যাচটি নিয়ে ভাবনায় কোনো পরিবর্তন আনছে কি-না, এ প্রসঙ্গে রিয়াল কোচের উত্তর-“একদম না।”

চলতি মৌসুমে প্রথম ক্লাসিকো ম্যাচে লা লিগায় রিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। এই পরাজয়ের জের ধরেই মাদ্রিদ শহরের ক্লাবটির কোচের চাকরি হারাতে হয়েছিল হুলেন লোপেতেগিকে। তার স্থলাভিষিক্ত হন সোলারি।

চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে আর্জেন্টাইন এই কোচ বলেন, “দুই ক্লাবের মধ্যে ক্লাসিকো ম্যাচ বড় ধরনের একটা লড়াই। আমার কাছে এটা রিভার প্লেট বনাম বোকা জুনিয়র্স, ইন্টার মিলান বনাম এসি মিলান...।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত